বসুন্ধরা থেকে গ্রেপ্তার বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান পল্লব

এস এম সবুজ, বিশেষ প্রতিনিধি

রবিবার, ৩০ আগস্ট ২০২৬

সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লবকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে ভাটারা থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

ভাটারা থানার তদন্ত কর্মকর্তা জানান, আবুল কাশেম পল্লবের বিরুদ্ধে বিয়ানীবাজারসহ বিভিন্ন থানায় প্রায় ২০টি মামলা রয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আবুল কাশেম পল্লব বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের একজন পরিচিত নেতা। আওয়ামী লীগ সরকারের সময়ে স্থানীয় রাজনীতিতে তাঁর ব্যাপক প্রভাব ছিল। তিনি দুইবার বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।
২০১৮ সালের উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হন পল্লব। এরপর ২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনেও তিনি পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন।
এর আগে ২০০৯ সালে ছাত্রাবস্থায় বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন আবুল কাশেম পল্লব। ২০২৪ সালের নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর আবুল কাশেম পল্লবের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।