সংগ্রাম পেরিয়ে অভিনয়ে সুমাইয়া ইসলাম বর্ষা, লক্ষ্য একজন ভালো শিল্পী হওয়া

বিনোদন প্রতিবেদক:

রিমন হাওলাদার ফাহিম ঢাকা,

শনিবার-৪ জুলাই-২০২৬

অভিনয়ের প্রতি ভালোবাসা, নিরন্তর পরিশ্রম এবং নানা প্রতিকূলতাকে অতিক্রম করে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছেন অভিনয়শিল্পী সুমাইয়া ইসলাম বর্ষা।
নাটক, ধারাবাহিক, ওয়েব সিরিজ, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও এবং ফটোশুট—বিনোদনের বিভিন্ন মাধ্যমে কাজ করে তিনি নিজেকে বহুমাত্রিক একজন শিল্পী হিসেবে গড়ে তুলছেন।

বর্ষা অভিনয় করেছেন জনপ্রিয় নাটক ‘ফিরে আসা’, যেখানে তার সহশিল্পী ছিলেন আরশ খান ও সামিরা খান মাহি। এছাড়া ‘মামলাবাজ বউ’ নাটকে তন্ময় সোহেল ও মিহি আহসানের সঙ্গে, ‘মায়ের আত্মত্যাগ’ নাটকে অভিনেত্রী রেবেকা রউফের সঙ্গে এবং ‘থেমে যেতে নেই’ নাটকে জোভান ও আয়েশা খানের সঙ্গে অভিনয় করেছেন।
এ ছাড়া ‘জুয়াড়ি পরিবার’ নাটকে তামিম খন্দকার ও জারা নূরের সঙ্গে কাজ করেছেন তিনি। প্রাঙ্ক কিং টিমের জনপ্রিয় ধারাবাহিক ‘গরিব ঘরের রাজপুত্র’, ‘স্কুগ্যাং সিজন–৩’ এবং ‘গরিব ঘরে কোটিপতির বউ’–তেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে।
ওয়েব কনটেন্টেও রয়েছে তার উপস্থিতি।

তানজিন তিশা ও রোশান অভিনীত ‘Hide & Sick’ ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। পাশাপাশি ‘বাজি’ ওয়েব সিরিজে তাহসান ও মিথিলার সঙ্গে কাজের অভিজ্ঞতাও রয়েছে। এছাড়া কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন বলে জানান বর্ষা।
সম্প্রতি অভিনেতা হাসিব খান শান্ত এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ফয়সাল খানের সঙ্গে দুটি মিউজিক ভিডিওতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি।
টেলিভিশন নাটকেও নিয়মিত কাজ করছেন বর্ষা। বৈশাখী টিভি, এনটিভি, বিটিভি, চ্যানেল আই ও একুশে টেলিভিশন–সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ধারাবাহিক ও একক নাটকে অভিনয় করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে। দেশীয় ফ্যাশন ব্র্যান্ড আড়ং, মিনিস্টার–এর বিজ্ঞাপনসহ বিভিন্ন টেলিভিশন কমার্শিয়াল (টিভিসি) ও অডিও–ভিজ্যুয়াল কনটেন্টে কাজ করেছেন। এছাড়া ব্রাইডাল ও পোশাকের বিভিন্ন ফটোশুটেও অংশ নিয়েছেন তিনি।
নিজের পথচলার অভিজ্ঞতা তুলে ধরে সুমাইয়া ইসলাম বর্ষা বলেন, “এই ছোট্ট জীবনে অনেক সংগ্রাম করে আজকের অবস্থানে এসেছি। পরিবার ও সমাজের নানা নেতিবাচক কথা শুনতে হয়েছে। অনেকেই বলেছিলেন, মেয়ে হয়ে কিছু করা সম্ভব নয়। কিন্তু আমি বিশ্বাস করি, প্রত্যেক নারীর নিজের একটি স্বতন্ত্র পরিচয় থাকা উচিত। অন্যের ওপর নির্ভর না করে নিজের যোগ্যতায় এগিয়ে যেতে হবে। মানুষ সমালোচনা করবেই, তবে নিজের লক্ষ্য ঠিক থাকলে একদিন সফলতা আসবেই।”

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বর্ষা বলেন, “আমি শুধু নায়িকা হতে চাই না। একজন ভালো অভিনয়শিল্পী হিসেবে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই। দর্শকের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”