কুমিল্লা হোমনায় ট্রিপল মার্ডার মামলার তদন্তে নতুন মোড়।

কুমিল্লা প্রতিনিধিঃ- মোঃ রমিজ উদ্দিন

মঙ্গলবার-১১ আগস্ট-২০২৬

কুমিল্লার হোমনায়
আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রায় ছয় মাস পর তদন্তে নতুন মোড় এসেছে ছয় মাস পর বালুরস্তুপের নিচে মিল ছুরি ব্যাগ ও চাবি। উপজেলার উত্তর মনিপুর গ্রামের আলোচিত তিন খুনের ঘটনায় বাজারের পাশের ড্রেজারের বালুর স্তূপের নিচ থেকে একটি ছুরি, দুটি ব্যাগ, একগোছা চাবি ও একটি তালা উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে স্থানীয়রা বালুর স্তূপের নিচে এসব জিনিস দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে হোমনা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আলামতগুলো উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া দুটি ব্যাগ হত্যাকাণ্ডের সময় প্রবাসী জহিরুল ইসলামের বাড়ি থেকে খোয়া গিয়েছিল। এছাড়া উদ্ধার করা চাবির মধ্যে একটি চাবি দিয়ে নিহতদের ঘরের তালা খোলা গেছে বলেও দাবি করেছেন তারা। এ কারণে উদ্ধার হওয়া এসব আলামতের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি রাতে হোমনার উত্তর মনিপুর গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৩২), তার চার বছর বয়সী ছেলে মোহাম্মদ হোসাইন এবং ভাতিজা জুবায়ের (৫) দুর্বৃত্তদের হাতে গলা কেটে নিহত হন।
এ ঘটনায় নিহত সুখীর স্বামী প্রবাসী জহিরুল ইসলাম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হোমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তে পুলিশ, সিআইডি, পিবিআই ও ডিবি কাজ করলেও প্রায় ছয় মাসেও হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন কিংবা সন্দেহভাজন কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
দীর্ঘ সময়েও হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন না হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছিল। এর মধ্যে নতুন করে এসব আলামত উদ্ধারের ঘটনায় মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে বলে আশা করছেন স্থানীয়রা।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া আলামতগুলো আলোচিত ট্রিপল মার্ডারের সঙ্গে সম্পৃক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।